দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি নির্দেশনা অমান্য করে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারার পরিবর্তে ডাল রোপণের অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ৬ আগস্ট বিষয়টি জানানো হয়। তবে আদেশে বরখাস্তের কার্যকারিতা গত ১৯ জুলাই থেকে দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় গত ১৫ জুলাই দেশের প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের নির্দেশনা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই নির্দেশনা উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে চারার পরিবর্তে গাছের ডাল রোপণ করান। পরে সেই ছবি শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে প্রকাশ করা হয়।
অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুলাই কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিদ্যালয়ে সরেজমিন তদন্ত করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বরখাস্ত শিক্ষক শ্যামল চন্দ্র হালদার দাবি করেন, ছবি তুলে পাঠানোর জন্য মিলন নামের একজন সহকারী শিক্ষক তাকে ডাল রোপণ করে ছবি তুলতে বলেছিলেন। তার দাবি, ওই শিক্ষকই তাকে বিপদে ফেলার উদ্দেশ্যে ডাল লাগানোর পরামর্শ দেন এবং ছবি তোলেন।
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওহিদুর রহমান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গত ১৯ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা হয়নি।
/অ